Header Ads

সবজির নানাপদ (সপ্তম পর্ব)


বড়ির ঘণ্ট

উপকরণ:
বেগুন ২ কাপ, (টুকরা) কাঁচা পেঁপে ১ কাপ, (টুকরা) মিষ্টি কুমড়া ২ কাপ, কুমড়োবড়ি ১২/১৪টা, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, গোটা জিরা ১ চামচ, কাঁচামরিচ ৪/৫টা, হলুদ সামা্ন্য, লবণ পরিমাণমত, তেল আধা কাপ।

প্রণালী:
প্রথমে বেগুন, পেঁপে, মিষ্টি কুমড়ো (বেগুনের সাথে যেকোন একটি সবজি দিলেও হয়), হলুদ, কাঁচামরিচ, লবণ ও ২কাপ পানি দিয়ে সেদ্ধ দিন। পানি শুকিয়ে গেলে নামিয়ে অন্য একটা কড়াইতে তেল দিয়ে (কুমড়ো বড়িগুলো ভেঙ্গে দিতে হবে)। ভাঙ্গা কুমড়ো বড়ি দিয়ে লাল হয়ে এলে গোটাজিরা দিয়ে একটু পরে পেঁয়াজ দিয়ে আর একটু ভাজতে হবে। এবার সেদ্ধ করা সবজিগুলো দিয়ে খুব ভালো করে নাড়তে হবে। একদম মাখা মাখা হলে নামিয়ে নিন।


নারিকেল দুধে লাবড়া

উপকরণ:
নানা রকম সবজি আধা কেজি, আদা বাটা ১ চা চামচ, জিরা ১ চা চামচ, হলুদ আধা চা চামচ, নারিকেলের দুধ ১ কাপ, চিনি, লবণ, কাঁচামরিচ, ঘি সামান্য।

প্রণালী:
কড়াইতে তেল দিয়ে তেজপাতা, জিরা, ফোঁড়ন দিয়ে সবজি দিন। এতে বাটা মসলা দিয়ে হালকা জ্বালে ঢাকনা দিয়ে ভালো মতো কষান। সবজি মসলা কষানো হলে নারিকেলের দুধ দিয়ে হালকা জ্বালে শুকিয়ে নিন। কাঁচামরিচ চিনি দিয়ে নামিয়ে পরিবেশন করুন।


শজনে ডাল

উপকরণ:
মসুর ডাল ২ কাপ, শজনে ডাটা ১০ টুকরা, জিরা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, সরষে বাটা ১ চা চামচ পেঁয়াজ কুচি ১ কাপ, টমেটো ৪ ফালি করা ২টা, কাঁচা মরিচ ফালি ৪/৫টা, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ পরিমাণমত, ধনেপাতা কুচি আধা কাপ, তেল আন্দাজমত।

প্রণালী:
ডাল ধুয়ে ২০/৩০ মি. ভিজিয়ে রাখুন। ফ্রাইপ্যানে বা কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ দিন হালকা বাদামী হলে কাঁচা মরিচ ধনেপাতা বাদে মসলা, ডাল, শজনে ডাটা দিয়ে বেশকিছুক্ষণ কষান। কষানো হলে পানি দিয়ে ঢেকে দিন। দুই তিনবার বলক উঠলে আঁচ কমিয়ে দিন। ৫/৬ মিনিট পর কাঁচা মরিচ দিন। আলাদা কড়াইতে পেঁয়াজ রসুনের বেরেস্তা করে ডালে বাগার দিয়ে ধনেপাতা দিয়ে নামিয়ে ফেলুন।


শজনে চচ্চড়ি

উপকরণ:
শজনে ডাটা ১০০ গ্রাম, মিষ্টি কুমড়া টুকরা ২ কাপ, বেগুন টুকরা ১ কাপ, আলু টুকরা ২ কাপ, পটল টুকরা ২ কাপ, কেউ যদি আরো সবজি দিতে চান দিতে পারেন। সরিষা বাটা ২ চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ কুচি বড় সাইজ ১ কাপ, রসুন বাটা ১ চা চামচ, জিরা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ বাটা দেড় চা চামচ, ধনে পাতা কুচি আধা কাপ, লবণ আন্দাজমত, তেল আধা কাপ।

প্রণালী:
পেঁয়াজ, ধনেপাতা আর তেল ছাড়া সব উপকরণ ফ্রাইপ্যানে মেখে ২০ মিনিট রাখুন। এবার ১ কাপ পানি দিয়ে চুলায় দিয়ে ঢেকে দিন। সেদ্ধ হলে জাল কমিয়ে দিন। অন্য ফ্রাইপ্যানে তেল দিন, পেঁয়াজ বেরেস্তা করে শজনে চচ্চড়িতে বাগার দিন। ধনে পাতা দিয়ে ২/৩ মিনিট ঢেকে রেখে নামিয়ে ফেলুন।

No comments

Powered by Blogger.