মসলা বিরিয়ানি
| মসলা বিরিয়ানি |
মসলা বিরিয়ানি
মসলা বিরিয়ানির জন্য গরুর মাংসের বল, সবজি, চাল আলাদা করে নিতে হবে। এরপর সব আবার দমে দিয়ে পরিবেশন করতে হবে। নিচে প্রতিটি ধাপ আলাদা করে দেওয়া হলো।
বিফ বলের জন্য
উপকরণ: মিহি বিফ কিমা ২ কাপ, এলাচি ও দারুচিনির গুঁড়া ১ চা-চামচ, ভাজা জিরাগুঁড়া ১ চা-চামচ, আদাবাটা আধা চা-চামচ, ভাজা মরিচগুঁড়া ১ চা-চামচ, রসুনবাটা আধা টেবিল চামচ, টমেটো সস ১ টেবিল চামচ, ডিম ১টি, সয়াবিন তেল ১ টেবিল চামচ, পাউরুটিগুঁড়া করা আধা কাপ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: ওপরের সব উপকরণ একসঙ্গে মিশিয়ে মসৃণ বল বানিয়ে নিন।
বিফ বলের ঝোলের জন্য
উপকরণ: আদাবাটা দেড় চা-চামচ, রসুনবাটা ১ চা-চামচ, পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, কেওড়াজল ১ চা-চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, টক দই আধা কাপ, পেঁয়াজবাটা ২ চা-চামচ, তরল দুধ আধা কাপ, পোস্তদানাবাটা ২ চা-চামচ, চিনি ১ চা-চামচ, বাদামবাটা ১ চা-চামচ, এলাচি, দারুচিনি, জয়ফল ও জয়ত্রীগুঁড়া ১ চা-চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: বিফ বল, গরমমসলা ও দুধ ছাড়া বাকি সব উপকরণ একসঙ্গে করুন। এক কাপ পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিন। এবার দুধ, গরমমসলা দিয়ে নেড়ে বিফ বলগুলো বিছিয়ে ঢাকনা দিয়ে দমে ১৫ মিনিট রান্না করতে হবে। মধ্যে এক–দুবার পাত্রটি ঝাঁকিয়ে বলগুলো নেড়ে দিন।
সবজি রান্নার জন্য
উপকরণ: গাজর, তিন রঙের ক্যাপসিকাম, বেবি কর্ন ও মটরশুঁটি পরিমাণমতো।
প্রণালি: সব সবজি অল্প তেল ও সামান্য লবণ, গোলমরিচ দিয়ে হালকা ভেজে নিতে হবে।
চাল রান্নার জন্য
উপকরণ: বাসমতী চাল ৫০০ গ্রাম, এলাচি, দারুচিনি, শাহি জিরা আধা চা-চামচ ও লবণ পরিমাণমতো।
প্রণালি: বাসমতী চাল ২০ মিনিট ভিজিয়ে রাখুন। এবার চালের ৪ গুণ পানি, এলাচি, দারুচিনি, শাহি জিরা ও পরিমাণমতো লবণ দিয়ে চাল সেদ্ধ করে পানি ঝরিয়ে ঝরঝরে ভাত রান্না করে ফেলুন।
দমের জন্য
উপকরণ: পেঁয়াজ বেরেস্তা আধা কাপ, তরল দুধ আধা কাপ, কিশমিশ মেশানো বাদামকুচি আধা কাপ, মাওয়া ২ টেবিল চামচ, আলুবোখারা ৬ টুকরা, ঘি আধা কাপ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ ও কেশর ১ চিমটি।
দমে বসানোর প্রণালি: দমের পাত্রে প্রথমে অল্প ঘি, তারপর অল্প রান্না করা চাল, চালের ওপর রান্না করা মুরগির বল, বলের ওপর বেরেস্তা বাদাম, কিশমিশ ও মাওয়া ছড়িয়ে দিতে হবে। এবার সবজিগুলো বিছিয়ে দিন। এইভাবে ২ থেকে ৩টি ধাপ করুন। প্রতি ধাপে সামান্য করে ঘি ছড়িয়ে দিন। সবার ওপরে আধা কাপ দুধ, সামান্য জাফরান ভিজিয়ে রেখে দিন। আলুবোখারা, বেরেস্তা ও মাওয়া দিয়ে দমে বসিয়ে দিন ২০ মিনিটের জন্য। দমে বসানোর সময় প্যানের মুখে ফয়েল দিয়ে সিল করে আটকে দিন।
সূত্র: প্রথমআলো
No comments