সরিষার তেলে শাহি বিরিয়ানি
| শাহী বিরিয়ানি |
শাহি মসলা তৈরি
দারুচিনি ২ টুকরা, এলাচি ৭-৮টি, জয়ফল সিকি ভাগ, জয়ত্রী ৩ টুকরা, গোলমরিচের গুঁড়া ১ চা-চামচ ও লবঙ্গ ৬-৭টি। এই মসলাগুলো চুলার পাশে রেখে যখন মচমচে হবে, তখন গুঁড়া করে নিতে হবে।
উপকরণ: মাংস দেড় কেজি, তেজপাতা ২টি, পোস্তদানাবাটা ২ চা-চামচ, সয়াবিন তেল আধা কাপ, ধনেগুঁড়া ১ চা-চামচ, কাঠবাদামবাটা ১ টেবিল চামচ, সরিষার তেল ১ কাপ, জিরাগুঁড়া ১ চা-চামচ, কেওড়াজল ২ টেবিল চামচ, আদাবাটা ২ টেবিল চামচ, মরিচগুঁড়া ১ চা-চামচ, টমেটো সস সোয়া কাপ, পেঁয়াজবাটা আধা কাপ, গুঁড়া মসলা ১ টেবিল চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, রসুনবাটা ১ টেবিল চামচ, টক দই সোয়া কাপ, লবণ পরিমাণমতো।
পোলাও
পোলাওয়ের চাল ১ কেজি, গুঁড়া দুধ আধা কাপ, পেস্তাকুচি ২ টেবিল চামচ, পানি দেড় কেজি, কাঁচা মরিচ ১৫-২০টি, আলুবোখারা ১০-১২টি, লবণ পরিমাণমতো।
প্রণালি: ১ কেজি মাংস ২০-২২ টুকরা করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এবার মাংসের সঙ্গে পেঁয়াজকুচি ও তেজপাতা ছাড়া সব উপকরণ ও প্রয়োজনমতো লবণ দিয়ে ১৫ মিনিট মেরিনেট করে রাখতে হবে। হাঁড়িতে ২ রকম তেল গরম করে তেজপাতার ফোড়ন দিয়ে পেঁয়াজ দিয়ে দিন। পেঁয়াজ চকচকে হলে ১ চা-চামচ চিনি দিন। পেঁয়াজ সোনালি হলে মেরিনেট করা মাংস দিয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ পর শাহি মসলা দিয়ে ঢেকে রান্না করুন। মাংস সেদ্ধ হয়ে এলে পোলাওয়ের জন্য গরম পানি দিতে হবে ওই মাংসের মধ্যে। সঙ্গে দুধ পোলাওয়ের জন্য লবণ, আলুবোখারা, কাঠবাদামকুচি ও ভেজানো চাল দিন। কাঁচা মরিচগুলো ভেঙে ভেঙে দিতে হবে। চাল ও পানি সমান হলে কেওড়াজল ও শাহি জিরা দিয়ে দমে বসাতে হবে ২০ মিনিটের জন্য। মধ্যে একবার নেড়ে দিতে হবে।
সূত্র: প্রথম আলো
No comments