Header Ads

মাছের রকমারি (প্রথম পর্ব)


ইলিশ ভিন্দালু

উপকরণ:
ইলিশ মাছ ৬ টুকরা, পেঁয়াজ কুচি বড় ১ কাপ, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, হলুদ গুঁড়া আধা চা চামচ (হলুদ গুঁড়া ও মরিচ গুঁড়া অল্প পানিতে পেস্ট করে নিতে হবে), মরিচ গুঁড়া আধা চা চামচ, টক দই আধা চা চামচ, কাঁচা মরিচ ৪টা, ছোট সাইজের দেশী আলু ১২৫ গ্রাম, তেল ও লবণ পরিমাণমত, ধনে পাতা পরিমাণমত।

প্রণালী:
আলু সেদ্ধ করে ছিলে সামান্য হলুদ মেখে অল্প তেলে ভেজে নিন। কড়াইতে তেল গরম করে পেঁয়াজ কুচি বাদামি করে ভাজুন। এবার জিরা, রসুন বাটা দিয়ে একটু কষিয়ে মাছ, আলু, কাঁচা মরিচ ও ধনে পাতা ছাড়া সব উপকরণ দিয়ে কষান। প্রয়োজনে সামান্য পানি দিতে হবে যাতে মশলা পুড়ে না যায়। মাছ, আলু দিয়ে সাবধানে ২/৩ মিনিট কষান। যেন মাছ ভেঙ্গে না যায়। এক কাপ পানি দিয়ে ঢেকে দিন। এরপর কাঁচা মরিচ ও ধনে পাতা দিয়ে ২/৩ মিনিট রেখে মাছ ও আলু মাখা মাখা হলে নামিয়ে ফেলুন।


ইলিশ মাছের বড়ি বেগুন

উপকরণ:
ইলিশ মাছ ৮ টুকরা, বেগুন মাঝারি ১টা, বড়ি ১২টা, ভাজা জিরার গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজ কাটা ১ টেবিল চামচ, পেঁয়াজ বাটা ২ টেবিল চামচ, রসুন বাটা আধা টেবিল চামচ, শুকনা মরিচ বাটা ১ চা চামচ, হলুদ বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমত, তেল প্রয়োজনমত।

প্রণালী:
প্রথমে বড়ি তেলে ভেজে তুলে রাখুন। এবার বেগুন মাছের তরকারির মত কেটে লবণ হলুদ দিয়ে ভাজুন। কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে এতে একে একে সব মসলা দিয়ে কষান। এবার মাছ, বড়ি ও বেগুন দিয়ে কষিয়ে ঝোল দিন। সব তারকারি সেদ্ধ হয়ে গেলে ওপরে জিরার গুঁড়া দিয়ে মাখা মাখা ঝোল অবস্থায় নামিয়ে ফেলুন।


ইলিশ কাঁচা টমেটো

উপকরণ:
ইলিশ মাছ ৪ টুকরা, কাঁচা টমেটো ২/৩টা, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, সরিষা বাটা ১ চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টা, তেল আধা কাপ, লবণ পরিমাণমত।

প্রণালী:
সমস্ত উপকরণ একসাথে মাছের সাথে মেখে ফ্রাইপ্যান অথবা কড়াইতে আধা ঘণ্টা রেখে দিতে হবে। তারপর অল্প আঁচে ঢেকে রাখতে হবে। ৩ মিনিট পর ঢাকনা খুলে মাছের টুকরাগুলো উল্টে দিয়ে আবার ৩ মিনিট ঢেকে দিতে হবে। তারপর আধা কাপ পানি দিয়ে ১০ মিনিটের মত রাখতে হবে। এরপর রান্না মাখা মাখা হলে নামিয়ে রাখতে হবে। 

No comments

Powered by Blogger.