মাছের রকমারি (পঞ্চম পর্ব)
চিংড়ি ঢেঁড়শ
উপকরণ:
বড় বা মাঝারি চিংড়ি ২০ টা, ঢেঁড়শ
২৫০-৩০০ গ্রাম, যারা চিংড়ি বেশি খেতে চান তার চিংড়ি একটু বেশি আর যারা ঢেঁড়শ বেশি পছন্দ
করেন তার ঢেঁড়শের পরিমাণ বাড়িয়ে দিন। জিরা বাটা কোয়াটার চা চামচ, পেঁয়াজ কুচি ২ কাপ,
রসুন বাটা আধা চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টা, হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ, লবণ পরিমাণমত,
তেল পরিমাণমত।
প্রণালী:
চিংড়ি মাছে জিরা বাটা, রসুন বাটা,
হলুদ গুঁড়া, লবণ দিয়ে ১৫/২০ মিনিট মেখে রেখে দিন। এরপর ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ
দিতে হবে। পেঁয়াজ হালকা বাদামী হলে ঢেঁড়শ দিয়ে লবণ, হলুদ গুঁড়া, কাঁচা মরিচ দিয়ে নাড়তে
থাকুন। বেশ কিছুক্ষণ নাড়ার পর মাখা চিংড়ি মাছ দিয়ে আরো কিছুক্ষণ নাড়ুন। তারপর আধা কাপ
পানি দিয়ে ঢেকে দিন। পানি মাখা মাখা হলে নামিয়ে পরিবারের সবাইকে গরম গরম খাওয়ার জন্য
ডাকুন।
চিংড়ি টমেটো
উপকরণ:
বড় বা মাঝারি চিংড়ি ২০/২৫টা,
লবণ পরিমাণমত, টমেটো ২/৩টার কুচি, ধনে পাতা কুচি, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল পরিমাণমত,
হলুদ গুঁড়া কোয়াটার চা চামচ, মরিচ গুঁড়া কোয়াটার চা চামচ, কাঁচা মরিচ ৪/৫টা।
প্রণালী:
চিংড়ি মাছে লবণ, হলুদ
গুঁড়া মেখে তেলে ভেজে তুলে রাখুন। এরপর কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ হালকা বাদামী করে টমেটো
দিন। একে একে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ দিয়ে নাড়তে থাকুন। খেয়াল রাখতে হবে যাতে
লেগে না যায়। কিছুক্ষণ পর টমেটো নরম হলে এলে চিংড়ি মাছ ও কাঁচা মরিচ দিয়ে নাড়তে থাকুন।
একদম পানি দেয়া যাবে না। চিংড়ি মাছ মাখা মাখা হলে ধনে পাতা দিয়ে নামিয়ে ফেলুন।
চিংড়ি আমের মালাইকারী
উপকরণ:
খোসা ছাড়ানো চিংড়ি মাছ ২০০ গ্রাম।
নারকেল কোরানো ১ কাপ, কাঁচা মরিচ ৪টা, আধাপাকা আম ২ টা (পাতলা করে বাটা) হলুদ গুঁড়া
আধা চা চামচ, মরিচ গুঁড়া ১ চা চামচ, পেঁয়াজকুচি আধা কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন
বাটা ১ চা চামচ, তেল ৫ টেবিল চামচ, সরষে বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমত।
প্রণালী:
নারকেল মিহি করে বাটুন। কড়াই
বা ফ্রাইপ্যানে তেল দিয়ে পেঁয়াজ বাদামী করুন। বাকি সব মশলা দিয়ে কষান। নারিকেল দিন।
লবণ, আম দিয়ে নাড়াচাড়া করে পানি দিন। চিংড়ি দিন। ৭/৮ মিনিট পর সরষে বাটা দিয়ে নামিয়ে
ফেলুন।
কলাপাতায় চিংড়ি
উপকরণ:
বড় চিংড়ি আধা কেজি, আদা বাটা
আধা চা চামচ, লেবুর রস ১ টেবিল চামচ, পেঁয়াজ ভেজে বাটা ২ টেবিল চামচ, শুকনো মরিচ ভেজে
গুঁড়া করা ১ চা চামচ, কাজু বাটা ২ টেবিল চামচ, লবণ পরিমাণমত, তেল আধা টেবিল চামচ, টমেটো
সস আধা টেবিল চামচ।
প্রণালী:
মাছ পরিষ্কার করে ধুয়ে সব উপকরণ
দিয়ে মেখে ১ ঘণ্টা রাখুন। তারপর চুলায় তাওয়া গরম করুন। কলাপাতায় মাখানো মাছ দিয়ে টুথ
পিক দিয়ে আটকে দিন। তাওয়ায় ১৫/২০ মিনিট রাখুন। উল্টে দিয়ে ১০/১৫ মিনিট রেখে নামিয়ে
ফেলুন।

No comments