Header Ads

মাছের রকমারি (সপ্তম পর্ব)


কাকরোল/ডাটা দিয়ে চিংড়ি নারকেল

উপকরণ:
চিংড়ি ২ কাপ, পানি ১ কাপ, নারকেল দুধ আধা কাপ, ডাটা ২ কাপ, হলুদ গুঁড়া আধা চা চামচ, মরিচ গুঁড়া আধা চা চামচ, জিরা বাটা আধা চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, তেল পরিমাণমত, কাঁচা মরিচ ৪/৫টা।

প্রণালী:
কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ কুচি দিন। একে একে সব মশলা দিয়ে ডাটা ও চিংড়ি মাছ দিয়ে কিছুক্ষণ কষিয়ে নারকেল দুধ, পানি দিয়ে ঢেকে দিন। ডাটা সেদ্ধ হলে কাঁচা মরিচ দিয়ে মৃদু আঁচে রাখুন তারপর নামিয়ে ফেলুন। একই পদ্ধতিতে কাকরোল দিয়েও রান্না করা যায়। পেঁয়াজের বেরেস্তা দিলে ভালো হয়।


চিংড়ি মালাইকারী

উপকরণ:
খোসা ছাড়া চিংড়ি ১ কাপ, টকদই কোয়াটার কাপ, তেল আধা কাপ, ঘন নারকেল দুধ ১ কাপ, পেঁয়াজ কুচি ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা আধা চা চামচ, বাদাম বাটা ১ টেবিল চামচ, শুকনা মরিচ গুঁড়া আধা চা চামচ, কাঁচা মরিচ ৪/৬টা, লবণ পরিমাণমত, চিনি ১ চা চামচ বা প্রয়োজনমত। দারুচিনি ২ টুকরা বা নাও দেয়া যায়, এলাচ ২টা, লবঙ্গ ২টা।

প্রণালী:
চিংড়ি মাছ দই দিয়ে ২০ মিনিট মেখে রাখুন। কড়াই বা ফ্রাইপ্যানে পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ নেড়ে সব মশলা দিয়ে কষান। কষানো হলে নারকেল দুধ মাখানো চিংড়ি দিয়ে মাঝারি আঁচে ১০ মিনিট রাখুন। হয়ে এলে মৃদু আঁচে আরো ৫ মিনিট রেখে নামিয়ে পরিবেশন করুন।


চিংড়ি তন্দুরী

উপকরণ:
চিংড়ি আধা কেজি, লেবুর রস ১ টেবিল চামচ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ ভেজে বাটা ১ টেবিল চামচ, মরিচ বাটা ১ চা চামচ, লবণ পরিমাণমত, জিরা বাটা আধা চা চামচ, গরম মশলা বাটা ১ চা চামচ, টমেটো সস ১ টেবিল চামচ।

প্রণালী:
সব একসঙ্গে মেখে ১ ঘণ্টা রাখুন। এবার শিকে গেথে গ্রিল করুন। যেটুকু মশলা থাকবে সেগুলো অল্প আঁচে কষান। যখন মসলার গন্ধ চলে যাবে তখন চিংড়ি সার্ভিং ডিশে সাজিয়ে উপরে মশলাগুলো দিয়ে চিংড়িগুলো ঢেলে দিন।


নারিকেল চিংড়ি ঝুরঝুরি

উপকরণ:
চিংড়ি ৬টা (মাঝারি), নারিকেল কোরা আধা কাপ, গরশ মশলা সামান্য, কাঁচা মরিচ ৩/৪টা, আদা বাটা ১ চা চামচ, শুকনা মরিচ ২টা, কালো জিরা সামান্য, চিনি আধা চা চামচ, সরিষার তেল ২ টেবিল চামচ।

প্রণালী: 
চিংড়ি ছোট টুকরা করে কেটে নিন। চিংড়ি নারিকেল কোরা, আদা, লবণ, কাঁচা মরিচ একসঙ্গে ১ কাপ পানিতে সেদ্ধ দিন। এবার হালকা করে বেটে নিন। কড়াইতে তেল দিয়ে গরম মশলা, শুকনা মরিচ, তেজপাতা, কালো জিরা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর চিংড়ি বাটা দিন। এরপর চিনি দিয়ে একটু পরে নামিয়ে ফেলুন।

No comments

Powered by Blogger.