Header Ads

মোরগ পোলাও

মোরগ পোলাও



উপকরণ:

পোলাওয়ের চাল (চিনিগুঁড়া) ১ কেজি, বড় সাইজের মুরগী ২টি।

মাংসের মশলা: 

রসুন বাটা ৮ কোয়া, পেঁয়াজ বাটা ৩টি, আদাবাটা ২ চামচ, তেজপাতা, গরম মশলা, গোলমরিচ গুঁড়ো ১ চামচ, জায়ফল গুঁড়ো ১টা, জয়িত্রী বাটা আধা চামচ, কাবাব চিনি আধা চামচ, টক দই ১০০ গ্রাম, লবণ পরিমাণমতো।

আখনির পানির মশলা: 

আদা থেঁতো করা ১ ইঞ্চি, পেঁয়াজ বাটা ২টি, রসুন থেঁতো করা ৪ কোয়া, জিরে আধা চামচ, গোলমরিচ আধা চামচ, ধনে আধা চামচ, জায়ফল থেঁতো করা ১টি, জয়িত্রী আধা চামচ, শুকনো মরিচ ২টি।

পোলাওয়ের মশলা: 

গরম মশলা সব মিলিয়ে ৮/১০ গ্রাম, লবণ ১ চামচ, চিনি ১ চামচ, তেজপাতা ৫/৬টি, পেঁয়াজ কুচি ভাজা ১৫০ গ্রাম, ভাল ঘি ৩০০ গ্রাম, কাগজি বাদাম কুচানো ১৫/১৬টি, শুকনো আলুবোখরা ১৫/১৬টি, জাফরান ১ চামচ, কমলা রঙ।


প্রণালি:

আখনির পানি: আখনির সব মশলা এক টুকরো পাতলা বা আদ্দির কাপড়ে আলগা করে বেঁধে পোলাওয়ে যতটা পানি লাগবে, তারই আড়াইগুন পানি, যেমন-১ লিটার পানি লাগলে আড়াই লিটার পানি একটি পাত্রে দিয়ে, তাতে মশলা বাঁধা পুটলি দিয়ে ঢেকে ফোটাবেন। যখন ফুটে পানি অর্ধেক হয়ে লালচে রঙ হবে, তখন পানি নামিয়ে কিছুক্ষণ পরে পানি থেকে মশলার পুঁটলি তুলে চেপে পানিটা বার করে নিয়ে নেবেন। এইভাবে আখনির পানি তৈরি করবেন।
এবার দুটি মুরগী ৮ টুকরা করে কাটুন। টক দইয়ের সঙ্গে মাংসের বাটা ও গুঁড়ো মশলা দিয়ে ফেটিয়ে মুরগীর টুকরোতে ভালভাবে মাখিয়ে নিন। একটি পাত্রে ১০০ গ্রাম পেঁয়াজ কুচি বাদামি করে ভেজে দমে বসানোর জন্য তুলে রাখুন। পাত্রের অবশিষ্ট ঘিয়ে মাংসের মশলার তেজপাতা, গরম মশলা ও দই মাখানো মাংস ওতে দিয়ে অল্প কষে ওতে আধ চামচ লবণ এবং অল্প পরিমাণ পানি দিয়ে মুরগীর মাংস আধসিদ্ধ করে পাত্র আঁচ থেকে নামান। মাংসের ঝোল গা-মাখা থাকবে।
এবার চাল ধুয়ে পানি ঝরিয়ে রাখুন। জাফরান রঙ ১ কাপ দুধে মিশিয়ে রাখুন। এবার একটি ডেকচি বা হাঁড়িতে ১০০ গ্রাম ঘি দিয়ে গরম হলে ওতে পোলাওয়ের চাল, গরম মশলা, তেজপাতা দিয়ে নেড়ে নিয়ে আখনির পানি ঢালুন। ওতে চিনি আর লবণ দিয়ে ফোটান। চালের ফ্যান মরে থকথকে হলে ওতে বাদাম কুচানো দিয়ে নামাবেন। এবার তুলে রাখা রান্না করা আধসিদ্ধ মাংস, পেঁয়াজভাজা ভাতের সঙ্গে মিশিয়ে দিন। দুধ, জাফরান রঙ ওতে ছড়িয়ে দিন। পাত্রের মুখ ঢাকনা দিয়ে বন্ধ করে ময়দা দিয়ে সব বন্ধ করে ২০/২৫ মিনিট দমে বসিয়ে দিন।পরিবেশনের সময় ২টি আলুবোখরা প্রত্যেকটি ডিশে দিয়ে সাবধানে মাংস বার করে একখণ্ড করে দিয়ে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.