ইলিশের মাথায় টমেটোর খাট্টা মিঠা
| ইলিশের মাথায় টমেটোর খাট্টা মিঠা |
উপকরণ:
পাকা টমেটো ৫০০ গ্রাম, ইলিশের মাথা ১টি, হলুদগুঁড়া সিকি চা-চামচ, আদা ও রসুনবাটা আধা চা-চামচ, মরিচগুঁড়া সিকি চা-চামচ, রসুনকুচি ১ টেবিল চামচ, পানি সাড়ে তিন কাপ, পেঁয়াজকুচি আধা কাপ, কাঁচা মরিচ ৪-৫টি, লবণ স্বাদমতো, চিনি ১ চা-চামচ, তেঁতুলের কাঁথ ২ টেবিল চামচ, সয়াবিন তেল ৪ টেবিল চামচ।
প্রণালি:
ইলিশ মাছের মাথা পরিষ্কার করে কেটে লবণ মেখে রাখুন। ১৫ মিনিট পর ধুয়ে পানি ঝরিয়ে নিন। প্যানে ২ টেবিল চামচ তেল গরম করে সিকি কাপ পেঁয়াজ ও মাছের মাথা হালকা সোনালি করে ভেজে নিন। মাথা উঠিয়ে রেখে তাতে বাটা ও গুঁড়া মসলা দিয়ে কষান। সামান্য পানি দিয়ে আবার মসলা কষিয়ে নিন। পাশের চুলায় টমেটো ধুয়ে ৪ টুকরা করে ১ কাপ পানি, আধা চা-চামচ লবণ ও সিকি চা-চামচ হলুদ-মরিচের গুঁড়া দিয়ে সেদ্ধ করে নিন। নামিয়ে ঠান্ডা করুন। অন্যদিকে মসলা কষানো হলে ভেজে রাখা ইলিশ মাছের মাথা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। সামান্য লবণ ও পানি দিয়ে কিছুক্ষণ রান্না করুন। সেদ্ধ করা টমেটো ১ কাপ পানি দিয়ে ব্লেন্ড করে ছেঁকে নিন। এবারে কষানো মাছের মাথা তা দিয়ে দেড় কাপ পানি মিশিয়ে রান্না করুন। দু–একবার ফুটে উঠলে কাঁচা মরিচ ও তেঁতুলের কাঁথ দিন। নেড়ে চিনি দিন। একটি প্যানে বাকি তেল গরম করে অবশিষ্ট পেঁয়াজ ও রসুনকুচি সোনালি করে ভেজে টমেটোর খাট্টা মিঠায় দিয়ে নাড়ুন। দু–একবার ফুটে উঠলে নামিয়ে ভাতের সঙ্গে পরিবেশন করুন। স্যুপের মতো এই খাট্টা মিঠা খালিও খাওয়া যাবে।
সূত্র: (প্রথম আলো)
আপনার রান্নাঘরের কাজকে আরও সহজ করুন। ভিজিট করুন
No comments