পনির রেজালা
| পনির রেজালা |
উপকরণ:
দুধ আধা লিটার, দই ১০০ গ্রাম, কাজুবাটা আধা টেবিল চামচ, পোস্তবাটা আধা টেবিল চামচ, ময়দা ২ চা-চামচ, সয়াবিন তেল ৫০ মিলিলিটার (যে কোনো স্বচ্ছ তেল হলেও চলবে), পনির ২০০ গ্রাম, আদা–রসুনবাটা ১ টেবিল চামচ, পেঁয়াজবাটা ২ টেবিল চামচ, দারুচিনি ৩টি, এলাচি ৩টি, লবঙ্গ ৩টি, গরমমসলার গুঁড়া দেড় চা-চামচ, মিষ্টি আতর কয়েক ফোঁটা ও কেওড়াজল ১ টেবিল চামচ।
প্রণালি:
একটি হাঁড়িতে ১ টেবিল চামচ তেল ঢালুন। গোটা গরমমসলা দিয়ে নাড়তে হবে। পেঁয়াজবাটা দিন। দ্রুত নাড়তে থাকুন এবং আদা–রসুনবাটা যোগ করুন। সাদা ও স্বচ্ছ না হওয়া পর্যন্ত নাড়াচাড়া করতে হবে। এবার পনির দিয়ে দ্রুত নাড়ুন এবং রেখে দিন। অন্য একটি পাত্রে ১ টেবিল চামচ তেল ও ময়দা দিয়ে কয়েক মিনিট নাড়ুন। ধীরে ধীরে এতে ফেটানো দই ও সবটুকু দুধ যোগ করুন (যেন জমাট বেঁধে না যায়)। ধীরে ধীরে দুধ ফুটে উঠলে কাজু ও পোস্তবাটা দিন। কিছুক্ষণ রান্না হবে। এরপর মিষ্টি আতর, গরমমসলার গুঁড়া ও কেওড়াজল দিন। স্বাদমতো লবণ দিন। আগে থেকে রান্না করে রাখা পনির যোগ করুন এই মিশ্রণে (অথবা একই পদ্ধতিতে মুরগি বা খাসির মাংস দিতে পারেন)। ঝোলের ঘনত্ব মনমতো করে নিন। তেল ভেসে না ওঠা পর্যন্ত চুলায় রাখুন। তন্দুর রুটি, নান বা রুমালি রুটি দিয়ে পরিবেশন করুন।
সূত্র: প্রথম আলো
No comments