Header Ads

তন্দুরি চিকেন

তন্দুরি চিকেন

উপকরণ: 

প্রথমবার ম্যারিনেশনের জন্য: 
মুরগির রান–থানসহ টুকরো ৪টা, কাশ্মীরি লাল মরিচগুঁড়ো ২ টেবিল চামচ, আদাবাটা ২ চা-চামচ, রসুনবাটা-১ চা চামচ, লেবু ১টা ও তেল ২ টেবিল চামচ।

দ্বিতীয়বার ম্যারিনেশনের জন্য: 
পানি ঝরানো দই আধা কাপ, কাশ্মীরি লাল মরিচগুঁড়ো ১ টেবিল চামচ, মরিচগুঁড়ো আধা চা-চামচ, টালা জিরাগুঁড়ো ২ চা-চামচ, ধনেগুঁড়ো ১ চা-চামচ, গরমমসলাগুঁড়ো ২ চা-চামচ, চাট মসলা আধা চা-চামচ, লবণ স্বাদমতো, তেল ৪ টেবিল চামচ, লাল রঙের খাওয়ার রং অল্প ও ঘি ব্রাশ করার জন্য।

প্রণালি: 

মুরগির টুকরো ভালো করে ধুয়েমুছে নিতে হবে। এরপর কয়েকটা চির কেটে নিন। এতে করে ভালোভাবে মসলা-লবণ ঢুকবে। প্রথম ম্যারিনেশনের উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিন। এবার এতে মুরগির টুকরোগুলো দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা রেখে দিন।

নির্দিষ্ট সময় পর অপর পাত্রে দ্বিতীয় ম্যারিনেশনের সব উপকরণ (ঘি বাদে) মিশিয়ে তাতে মেখে রাখা মুরগিগুলো দিয়ে দিন। আবারও হাত দিয়ে ভালোমতো মেখে ঢাকনা দিয়ে ঢেকে ১০-১২ ঘণ্টা ম্যারিনেট করতে হবে। এরপর শিকে গেঁথে কাঠ কয়লার আগুনে ঝলসে নিতে পারেন।

চাইলে ২২০ ডিগ্রিতে প্রি-হিট করে রাখা ওভেনে ফয়েল বিছানো ট্রের ওপরে রেখে গ্রিল করে নিতে পারেন ৪০–৫০ মিনিটের মতো। তবে প্রতি ১০–১২ মিনিট পরপর ঘি ব্রাশ করে দিতে হবে। উল্টেপাল্টে দিন, যাতে পুড়ে না যায় বা শক্ত হয়ে না যায়। তন্দুরি চিকেন হয়ে গেলে নানরুটি বা পরোটার সঙ্গে সালাদ বা রায়তা সহযোগে পরিবেশন করুন।

No comments

Powered by Blogger.