শর্ষের তেলে গরুর মাংস
উপকরণ: গরুর মাংস দেড় কেজি, পেঁয়াজবাটা সিকি কাপ, আদাবাটা দেড় টেবিল চামচ, রসুনবাটা ১ টেবিল চামচ, লাল মরিচের গুঁড়া ২ চা-চামচ, হলুদগুঁড়া ১ চা-চামচ, জিরাগুঁড়া ১ চা-চামচ, ধনেগুঁড়া ১ চা-চামচ, গরমমসলার গুঁড়া ১ চা-চামচ ও লবণ স্বাদমতো। (মাংসসহ সব মসলা একসঙ্গে মাখিয়ে এক ঘণ্টা রেখে দিন)।
ফোড়নের জন্য: পেঁয়াজকুচি আধা কাপ, রসুনকুচি ১ টেবিল চামচ, আদাকুচি ১ টেবিল চামচ, দারুচিনি ১টি, এলাচি ২–৩টি, তেজপাতা ১টি, ভাজা জিরার গুঁড়া ১ চা-চামচ, কাঁচা মরিচ ৮–১০টি ও শর্ষের তেল আধা কাপ।
প্রণালি: চুলায় হাঁড়ি বসিয়ে তেল দিন। তেল গরম হলে আস্ত গরমমসলা ভেজে নিন। ভাজা গন্ধ বের হলে সব কুচানো মসলা দিয়ে আরও কিছুক্ষণ ভেজে নিন। এবার মসলা মাখানো মাংস দিয়ে দিন। নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিন। পানি দেওয়ার দরকার নেই, দেখবেন মাংস থেকেই পানি ছাড়বে। মাংস আস্তে আস্তে ভুনতে থাকুন। ঢেকে রান্না করুন মাংস।
সেদ্ধ হওয়ার জন্য দরকার হলে ১ কাপ গরম পানি দিয়ে কম আঁচে আবারও ঢেকে রাখুন। মাংস সেদ্ধ হয়ে গেলে ভাজা জিরার গুঁড়া ও কাঁচা মরিচ দিয়ে আরও ১০ মিনিট দমে রাখুন। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।
No comments